গোপালগঞ্জে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগে পরিবেশককে জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভোজ্যতেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাটগাতি বাজারে বুধবার দুপুরে অভিযান চালিয়ে রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার অলি শরিফকে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, অলি শরিফ তেলের বোতলের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
তবে সে সময় অন্য কাউকে জরিমানা করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।
শামীম হাসান বলেন, বাজারের অন্য দোকানে অভিযান চালাতে গেলে সেগুলো বন্ধ পাওয়া যায়। তবে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
