সিলেটে জ্বালানি সংকট নিরসন দাবিতে বিক্ষোভ
সিলেটে জ্বালানি তেলের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ট্যাংক-লরি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন পাঁচ সংগঠনের মালিক-শ্রমিকরা।
ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম আহমদ আলমগীর বেলেন, “সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন ১০ লাখ লিটার তেলের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র তিন লাখ লিটার।”
সমস্যার সমাধান দাবিতে সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে বুধবার বেলা ১১টায় বিক্ষোভ শুরু করেন তারা, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিলেটের বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন ও সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ’ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
আগে সিলেটের গ্যাসক্ষেত্র থেকে পাওয়া পেট্রোল ও অকটেন দিয়ে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে পাঠানো হত। প্রায় দুই বছর আগে বিএসটিআইর মানসম্পন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাত দেখিয়ে রাষ্ট্র মালিকানাধীন সিলেটের ছয়টি শোধনাগার বন্ধ করে দেওয়া হয়।
এ কারণে এবং চট্টগ্রাম থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না আসায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সিরাজুল ইসলাম আহমদ আলমগীর বেলেন, ইতোমধ্যে সিলেটের অনেক রিফুয়েলিং স্টেশন জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ, গ্যাসের লোড বৃদ্ধি, সিএনজি পাম্পের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ করা, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শোধনাগার পুনরায় চালু করা ইত্যাদি।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় সিএনজি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম আহমদ আলমগীর কর্মসূচিতে ছিলেন।
