২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে টহলরত পুলিশ সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ সদর থানায় টহলরত পুলিশের এক কনস্টেবল মারা গেছেন; যিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকের ধারণা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 05:14 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বুধবার ভোরে মো. মনিরুজ্জামান (৩৬) নামে এই কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়।

মনিরুজ্জামান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লংকারচর গ্রামের ইমাম হাসান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মনিরুজ্জামান থানায় টহল দিচ্ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ করে তিনি অসুস্থ হন। সহকর্মীরা তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক বলেন, হাসপাতালের আনার আগেই এই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

“হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

মনিরুজ্জামানের স্ত্রী সালমা বেগম গোপালগঞ্জ জেলা পুলিশে চাকরি করেন।

সালমা বলেন, “মনিরুজ্জামান আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।”

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।