২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কুপিয়ে ছোট বোনকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাইয়ের বিরুদ্ধে ১২ বছর বয়সী বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 12:02 AM

Updated : 02 Aug 2022, 03:05 PM

কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান।

নিহত হালিমা খাতুন (১২) গ্রামের জাকির হোসেনের (৫৫) মেয়ে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থেকে হালিমার ভাই সিফাতুল্লাহকে (১৮) পুলিশ আটক করেছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ২৫ বছর আগে দিঘলীয়া গ্রামের জাকির হোসেন (৫৫) ও নুরুন্নাহার বেগমের (৪৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে কলহ লেগে থাকত। মঙ্গলবার দুপুরে নুরুন্নাহার বেগম কলহের জেরে বাড়ি থেকে চলে যান।

“পরে জাকির হোসেনও বাড়ি থেকে কাজে চলে গেলে সিফাতুল্লাহ ও তার বোন হালিমা খাতুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাতুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে হালিমা খাতুনকে আঘাত করেন।”

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, জাকির হোসেন একজন সহজ সরল প্রকৃতির লোক; যার জন্য প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। ঝগড়ার সময় সিফাতুল্লাহ বাবা ও হালিমা খাতুন মায়ের পক্ষ নিতেন। সে কারণে সিফাতুল্লাহ তার বোনকে হত্যা করতে পারেন।

হালিমার মা নুরুন্নাহার বেগম বলেন, “আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তখন সিফাতুল্লাহ, হালিমা ও আমার প্রতিবন্ধী ছেলে শফিউল্লাহ বাড়িতে ছিল। সে সময় পারিবারিক কলহ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল। আমার ধারণা সিফাতুল্লাহই হালিমাকে হত্যা করেছে।”

সিফাতুল্লাহকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।