২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লেপে মোড়ানো নারী ও শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত এক নারী ও এক বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 09:58 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

ব্রাহ্মণ পাইকশা গ্রামের একটি ডোবায় মঙ্গলবার বিকালে লাশ দুটি পাওয়া যায় বলে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন জানান।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণ পাইকশা জামে মসজিদের রাস্তার পাশে লেপের ভেতর থেকে একটি হাত বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিকাল ৩টার দিকে স্থানীয়ের সহায়তায় পুলিশ লেপ তুলে আনতেই লাশ দুটি পাওয়া যায়।

ওই নারীর পরনে গোলাপী রংয়ের সালোয়ার ও কামিজ এবং শিশুটির লাল গেঞ্জি ছিল।

ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মোমেন।

সুরতহালে নিহত নারীর গলায় আঘাতের দাগ পাওয়া গেছে; শ্বাসরোধে অন্য কোথাও তাদের হত্যা করে এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

উদ্ধার হওয়া লাশ দুটি এই এলাকার নয় বলে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়রাও জানান।

তবে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এই ঘটনায় শ্রীনগর থানায় হত্যা মামলা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ”লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।“