খুলনায় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় খুলনায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নগরে এই অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানিয়েছেন।
শাহীনুর বলেন, রূপসা কেসিসি ট্রাকস্ট্যান্ড বাজারের ছাব্বির স্টোরকে ১০ হাজার টাকা; রুবেল স্টোর, তামিম স্টোর ও টুটপাড়া প্রধান সড়কের আল মদিনা স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শাহীনুর আরও জানান, অতিরিক্ত দামে তেল না কেনার জন্য ওই এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
এছাড়া ভোক্তা অধিকারবিরোধী কোনো কাজ সংঘটিত হলে স্থানীয় লোকজন যেন অধিদপ্তরকে ফোন করে জানান – সে ব্যাপারে বোঝানো হয়েছে।
