ইঞ্জিন বিকল, বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল
পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইট উড়তে পারেনি, যার যাত্রা পরে বাতিল করা হয়।
রোববার সকালে ১০টায় বিমানের বিজি-২০১ ফ্লাইটটি উড্ডয়ন করার কথা ছিল বলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান।
ওই ফ্লাইটের ২৬৫ জন যাত্রীকে সোমবার সকাল ১০টায় ফ্লাইট দেওয়া হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
হাফিজ আহমদ বলেন, পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে লন্ডনগামী ফ্লাইটটি বিমানবন্দরে আটকা পড়ে আছে। রাতে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিমানের সাথে পাখির ধাক্কা লাগার কোনো ‘প্রমাণ পাওয়া যায়নি’ উল্লেখ করে তিনি বলেন, “বিমানটি অবতরণের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লাগতে পারে।”
তিজি জানান, রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
“পরে সংশ্লিস্টরা খোঁজ নিয়ে জানতে পারেন উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লেগেছে।”
এদিকে সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট উড্ডয়ন করতে না পারায় হিথ্রো থেকে সিলেটের ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানান হাফিজ।
তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটটি সোমবার সকাল ১০টায় উড্ডয়ন করবে। যাত্রীদের মধ্যে যারা বাড়িতে যেতে ইচ্ছুক তাদের বাড়ি পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে।
