মাদারীপুরে ইউপি নির্বাচন-পরবর্তী সংঘাতে একজন নিহত
মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ঘে একজন নিহত হয়েছেন।
সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় শনিবার রাত ৮টার দিকে তিনি নিহত হন বলে মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান।
নিহত কাওসার দর্জি (২৫) ঝিকরহাটি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ওসি স্থানীয়দের বরাতে বলেন, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে ইকবাল দর্জি জয়ী হন। আব্দুল আলিম দর্জি নামে এক প্রার্থী পরাজিত হলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।
“সন্ধ্যা উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে আহত হন অন্তত পাঁচজন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে কাওসার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, “ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে সংঘর্ষের ঘটনায় কাওসার দর্জি নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুল ইসলাম মিঞা।
