২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১৩৫০ টন কয়লা নিয়ে জাহাজ ডুবি

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ১৩৫০ টন কয়লাবোঝাই এমভি সুরাইয়া নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 07:37 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

উপজেলার ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকোপার্কের সামনে শনিবার দুপুরে জাহাজটি ডুবে যায় বলে নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান।

তবে জাহাজের ১২ জন নাবিকের সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

জাহাজের মাস্টার সোহাগ হোসেন রাজু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্ট থেকে কয়লা নিয়ে অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশে যাত্রা করেন তারা। আনলোড পয়েন্টে জায়গা না থাকায় গত ১ মার্চ ইকোপার্কের সামনে নোঙ্গর করা হয়।

“সকাল ১০টার দিকে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। এর কয়েক ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজে ১৩৫০ টন কয়লা ছিল। এর আনুমানিক মূল্য দুই কোটি ৯৭ লাখ টাকা। ইন্দেনেশিয়া থেকে আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ কয়লা আমদানি করে।”

নওয়াপাড়া নদীবন্দর এলাকায় প্রতিষ্ঠানটির ঘাটে কয়লা নামানোর কথা ছিল বলে তিনি জানান।

আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম বলেন, “নদীর নাব্য কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।”

ডোবার আগে নদীর মাঝামাঝি স্থানে জাহাজটি আটকে যায় বলে তিনি জানান।

নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, আটকে যাওয়ার খবর পেয়ে তারা জাহাজটি পাড়ে ভেড়াতে বলেন।

“কিন্তু দুপুরে জানতে পারি জাহাজটি ডুবে গেছে। ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ওই স্থানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

চলতি বছর ৩ ফেব্রুয়ারি নওয়াপাড়া নদীবন্দর এলাকায় পীরবাড়ী ঘাটে এমভি শারিব বাঁধন নামে একটি জাহাজ ডুবে যায়। সেই জাহাজে ৬৮০ টন সরকারি ইউরিয়া সার ছিল। সেই জাহাজের উদ্ধার কাজ এখনও শেষ হয়নি।