রামেকের কোভিড ইউনিটে আরও ২ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে একজন আক্রান্ত ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়। অন্যজনের বাড়ি রাজশাহী জেলায়। তিনি কোভিড নেগেটিভ হওয়ার পর শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে এবং তাদের কোভিড টিকা নেওয়া ছিল না বলে শামীম জানান।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে কোনো রোগী ভর্তি হননি। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েও যাননি কেউ।
১০৪ শয্যার কোভিড ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৬ জন। এদের মধ্যে ৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন।
হাসপাতাল পরিচালক বলেন, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তার বাড়ি রাজশাহী জেলায়।
