গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তৈরি পোশাক কারখানায় আগুন পৌনে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার চান্দুরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ডিভাইন ফেব্রিক্স লিমিটেডে আগুন লাগে; পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের গাজীপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার দ্বিতীয় তলা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।
কালিয়াকৈর, কাশিমপুর ও জয়দেবপুর স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে উল্লেখ করে হামিদ আরও বলেন, এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার একটি সেকশনে শুক্রবার কিছু শ্রমিক কাজ করলেও বেশিরভাগ সেকশনই ছুটি ছিলো। শ্রমিকরা দুপুরের লাঞ্চের পর আবার কাজে যোগ দেন।
“৪টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ছোটাছুটি করে কারখানা থেকে বের হয়ে আসে”, যোগ করেন সাইফুল।
