গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ডিভাইন ফেব্রিক্স লিমিটেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের গাজীপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাখানার দ্বিতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কালিয়াকৈর, কাশিমপুর ও জয়দেবপুর স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা সম্ভব হয়নি বলে জানান হামিদ।
ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার একটি সেকশনে শুক্রবার কিছু শ্রমিক কাজ করলেও বেশিরভাগ সেকশনই ছুটি ছিলো। শ্রমিকরা দুপুরের লাঞ্চের পর আবার কাজে যোগ দেন।
“৪টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ছোটাছুটি করে কারখানা থেকে বের হয়ে আসে”, যোগ করেন সাইফুল।
