সাত্তার মাদবরের ঘাটে নেই বাসস্ট্যান্ড-শৌচাগার, ভোগান্তি চরমে
বাসস্ট্যান্ড, প্রশস্ত সড়ক, যাত্রী ছাউনি ও প্রয়োজনীয় গণশৌচাগার নির্মাণ না করেই শরীয়তপুরের সাত্তার মাতবর ঘাট দিয়ে হঠাৎ ফেরি চালু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ; যার প্রভাব পড়েছে স্থানীয় বাসিন্দাদের ওপরেও।
এই সমস্যা নিরসনের জন্য শুক্রবার সকালে সাত্তার মাদবর (স্থানীয়ভাবে মঙ্গল মাঝির ঘাট নামেই পরিচিত) বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
এতে এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করে অভিযোগ করেছে, অপ্রশস্ত রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করছে। এর ফলে তাদের সড়ক পারাপার হতে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় যত্রতত্র বাস রাখায় তাদের ভোগান্তি বেড়েছে।
ঘাটের ইজারাদারদের একজন মোখলেস মাদবর বলেন, নির্মাণাধীন পদ্মা সেতুতে বার বার ফেরির ধাক্কা লাগার কারণে গত বছরের শেষের দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর লঞ্চঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করে।
নাওডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন মাদবর বলেন, “ফেরি ঘাট চালু করার সময় প্রশাসন ও বিআইডব্লিউটিএ আমাদের আশ্বাস দিয়েছিল এখানে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। তখন বলা হয়েছিল, এখানে বাস টার্মিনাল, রাস্তা প্রশস্তকরণ, গণশৌচাগার ও যাত্রী ছাউনিসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করবে। কিন্তু সেগুলো করা হচ্ছে না। মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দ্রুত সমাধান না হলে মানুষ গণআন্দোলনে নামবে।”
ভুক্তভোগীরা বলেন, ফেরি চলাচল শুরুর পর থেকেই বাসগুলো রাস্তার উপরে পার্কিং করে রাখা হয়। এতে তীব্র যানজট হচ্ছে।
সাত্তার মাতবর ঘাট ইজারাদার কমিটির সভাপতি নেছার উদ্দিন মাদবরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজসেবক আব্দুর রাজ্জাক মাঝি, তুহিন ফরায়জী, শান্ত মাস্টার, লোকমান মাদবর, আজহার মোড়ল।
পরে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাত্তার মাদবর ঘাটের সুপার সেলিম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘাটে বাস টার্মিনালসহ নানা সমস্যা থাকায় চরম দুর্ভোগ হচ্ছে, এটা ঠিক। আমরা বিষয়টি উপরমহলে এরই মধ্যে জানিয়েছি। আশা করি, অচিরেই এর একটা সমাধান হবে।“
দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, যানজটের কারণে ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বাসগুলো। যাত্রীদেরকে মালামাল নিয়ে হেঁটে ফেরিতে উঠতে হচ্ছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স, পণ্যবাহী গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। ঘাটে শৌচাগার না থাকায় নারীদের আশপাশের বাড়িতে যেতে হচ্ছে।
বরিশাল থেকে আসা অ্যাম্বুলেন্সের চালক কাউসার মিয়া বলেন, বরিশাল থেকে আসতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। আর অপরিকল্পিত সাত্তার মাদবরের ঘাট দিয়ে ফেরি পার হতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। দুই-তিন ঘণ্টার আগে ফেরিতে উঠা যায় না।
