কুমিল্লায় সয়াবিন তেলের বোতলে দাম পরিবর্তন, ব্যবসায়ীর জরিমানা
কুমিল্লায় সয়াবিন তেলের বোতলে লেখা মূল্য মুছে বাড়িয়ে লেখার অভিযোগে এক ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার নগরীর বাদশা মিয়ার বাজার ও স্টেশন রোড এলাকায় তারা এই অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে দেখা যায় বাদশা মিয়ার বাজারের মেসার্স শাহিন এন্টারপ্রাইজে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে ফেলে ইচ্ছেমতো দামে বিক্রি করা হচ্ছে।
এছাড়া ৩৪ লিটার তেল জব্দ করে নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলেও জানান আছাদুল।
তিনি আরও বলেন, ওই দোকানের পাশের মেসার্স শাহিন স্টোরে দেখা যায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। দোকানি বেশি দামে তেল ক্রয় করেছেন দাবি করলেও এর স্বপক্ষে কোনো ক্রয় ভাউচার দেখাতে পারেননি। ওই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তেলের দাম স্বাভাবিক রাখতে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
