২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চাচা-ভাতিজার হাত-পায়ের রগ কর্তন

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে চাচা ও ভাতিজার হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 12:38 AM

Updated : 02 Aug 2022, 03:03 PM

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান জানান।

আহত জয়নগর গ্রামের টুকু শেখের ছেলে অহিদ শেখ (৩৫) ও আব্দুল মালেক শেখের ছেলে হাসমত আলী শেখকে (৬০) খুলনায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অহিদ শেখের চাচাত ভাই মহিউদ্দিন শেখ বলেন, সন্ধ্যার পর অহিদ শেখ ও হাসমত আলী শেখ একই গ্রামের সোহাগ ইটভাটার কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন আক্রমণ চালায়।

এলাকার একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে মহিউদ্দিনের অভিযোগ।

তিনি বলেন, অহিদ শেখের দুই হাত ও দুই পায়ের রগ কেটে যায় ও মাথায় কোপের মারাত্মক ক্ষত হয়। এ ছাড়া তার চাচা হাসমত আলী শেখের এক পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকেরা।

এ ঘটনার খবর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান জানান, “লিটু শেখ ও ওলিয়ার শিকদারের দুগ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটেছে। এ  বিষয়ে আমরা তদন্তে নেমেছি।”