গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘ধর্ষণ’: `বিচারহীনতাকে’ দুষলেন শিক্ষার্থীরা
‘বিচারহীনতার সংস্কৃতির’ কারণে ধর্ষণসহ নানা অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মূল বক্তব্য উপস্থাপনকারী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।
এক সপ্তাহ আগে [২৩ ফেব্রুয়ারি] রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচারের দাবিতে উত্তাল রয়েছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
মূল বক্তব্যে আব্দুল্লাহ আল রাজু বলেন, এলাকাবাসী বারবার দুর্বৃত্তদের সাথে আঁতাত করে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়ে আহত করে যাচ্ছে। যেকোনো তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মারপিট করা হয়। কিন্তু বারবার এ সকল ঘটনা ঘটলেও তার কোনো বিচার হয় না। ফলে দুর্বৃত্তরা ধর্ষণ করার মতো অপরাধ করতে সাহস পায়।
“আমরা মনে করি, যদি ভবিষ্যতেও এই বিচারহীনতার সংস্কৃতি চর্চা হয় তবে ধর্ষণসহ যেকোনো অপরাধ বন্ধ করা সম্ভব নয়।”
তিনি বলেন, “মঙ্গলবার আমাদের দুইজন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় পেয়ে যাত্রাপথে বাস থেকে নামিয়ে দিয়েছে। এ ঘটনার মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা অবহেলিত, অসহায়। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী গোপালগঞ্জ ছেড়ে যেতে বাধ্য হবেন।”
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অনন্যা রহমান বলেন, “আমাদের আন্দোলনের সাত দিন চলছে। এখন পর্যন্ত ধর্ষকদের আটক করা হলেও ধর্ষণবিরোধী আন্দোলনে হামলাকারীদের বিষয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আমরা অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। এ পর্যন্ত ধর্ষণ মামলায় ছয় জনকে আটক করা হয়েছে। তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা সাত দিন ধরে আন্দোলন করছেন।
ক্যাম্পাসে মশাল মিছিল
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে মশাল মিছিল বের করেন। ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে মশাল মিছিলটি শেষ হয়।
মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
ক্যাম্পাসে পিটুনির শিকার ছাত্র ইউনিয়ন সভাপতি
ধর্ষণবিরোধী আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পিকে মারধর করেছে কয়েকজন ছাত্র।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল গেটে এ মারধরের ঘটনা ঘটে বলে জানান রথীন্দ্রনাথ বাপ্পি।
কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী বাপ্পিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বাপ্পি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রথীন্দ্রনাথ বাপ্পি সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের চলমান ধর্ষণবিরোধী আন্দোলনকে সাংগঠনিকভাবে না নিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আন্দোলন করে যাচ্ছি। কিন্তু একদল দুর্বৃত্ত চায় না ধর্ষণবিরোধী আন্দোলন হোক।”
এই আন্দোলন বন্ধ করতে একটি ছাত্র সংগঠনের কয়েকজন কর্মী তাকে মারধর করেছে উল্লেখ করে তিনি বলেন, “বিষয়টি আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি ভুল বোঝাবুঝি হচ্ছে। হলের সিটের বিষয় নিয়ে দুয়েকটি কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।”
চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা শুরু থেকেই আছে উল্লেখ করে তিনি বলেন, “ধর্ষণবিরোধী আন্দোলনের সাথে থেকে আমাদের অনেক কর্মীই আহত হয়েছে। সুতরাং ধর্ষণবিরোধী আন্দোলন বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। মারধরের যে অভিযোগ উঠেছে সেটি মিথ্যা।“
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, “বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। এ বিষয়ে কাজ করা হচ্ছে “
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাজিউর রহমান বলেন, “মারধরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
