ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৪ মৃত্যু: তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আগুনে এক পরিবারের চার জনের প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
রোববার উপজেলা প্রশাসন এই তদন্ত কমিটি গঠন করলেও মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের জানানো হয় বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করতে গঠিত পাঁচ সদস্যের এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হককে।
কমিটির বাকি সদস্যরা হলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক শফিউল আলম, আশুগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মিজানুর রহমান, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন পাল এবং আশুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী পৃতুল ভৌমিক।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস জানান, তদন্ত কমিটিকে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টায় আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগরে একটি পাঁচতলা আবাসিক ভবনে আগুন লাগে।
ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন স্কুল শিক্ষক মকবুল হোসেন (৪০)। মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মকবুল, তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের দুই সন্তান জয় (০৯) ও জুবায়েরের (০৭) মৃত্যু হয়।
