চকরিয়ায় ছয় ভাই নিহত: পরিবারের কাছে ধর্ম প্রতিমন্ত্রী
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় নিহত ছয় ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মঙ্গলবার দুপুরে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় তিনি নিহতের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা দেন। ।
ঘটনার ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীকে প্রকৃত তথ্য দিতে নিহতের স্বজনদের আহবান জানিয়ে ফরিদুল হক বলেন, মর্মান্তিক এ ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু এ বিষয়টি ‘ট্রেস আউট’ করার জন্য আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা দরকার।
“এখানে ঘটনার তদন্তে যেকোনো সংস্থার সদস্যরা আসতে পারেন। ডিএসবি আসতে পারে, র্যাব আসতে পারে; মামলার তদন্তকারী সংস্থা পিবিআই আসতে পারে। তাদেরকে অবশ্যই আপনারা (নিহতের স্বজন) সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।”
ইতিমধ্যে মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্তের পর নিহতের স্বজনরা সঠিক ও ন্যায়-বিচার অবশ্যই পাবেন বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
“ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়-বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত হয় এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে।”
সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমানযোগে প্রতিমন্ত্রী কক্সবাজার পৌঁছান। পরে তিনি কক্সজার বিমানবন্দর থেকে গাড়িযোগে সরাসরি চকরিয়ায় নিহতদের বাড়ি যান।
সেখানে পৌঁছে প্রতিমন্ত্রী নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় হতাহত আট পরিবারকে চার লাখ টাকা অনুদান প্রদান করেন। সেখানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা জাফরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে নগদ এক লাখ টাকা সহায়তা দেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ দাশ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সেখান থেকে পরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন নিহতদের বোন হীরা রানী সুশীলের খোঁজ-খবর নিতে যান।
গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের নয় ছেলে-মেয়ে তার শ্মশানে যান। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সাত ভাই-বোনকে দ্রুতগতিতে এসে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চার ভাই এবং ওই দিনই হাসপাতালে আরও এক ভাইয়ের মৃত্যু হয়। আহত হন আরেক সভাই রক্তিম সুশীল এবং বোন হীরা সুশীল।
পরে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রক্তিম সুশীলও মারা যান
এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় পিকআপের চালক ও মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
