২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে বিনামূল্যে বিতরণের বই বাজারে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি ভাঙ্গারি দোকানে মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির বিনামূল্যে বিতরণের সাড়ে তিনশ কেজি বই পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 05:55 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

সোমবার বিকালে তিলছড়া বাজারে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম।

উদ্ধার করা বইগুলো সাতাশিয়া শরিফুল-মরিয়াম উচ্চ বিদ্যালয়ের বলে এই স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করেছেন। বইগুলোর সঙ্গে এই স্কুলের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতাও পাওয়া গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভাঙ্গারি দোকানের কর্মচারী মো. শাহজাহান চৌধুরীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বইগুলোর মধ্যে মাধ্যমিক স্তরের বাংলা, ইরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, গার্হস্থসহ বিভিন্ন বিষয় রয়েছে।

ভাঙ্গারি দোকানের কর্মচারী মো. শাহজাহান বলেন, “৩৫৭ কেজি বই সাতাশিয়া শরিফুল-মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ বিশ্বাসের কাছ থেকে কেজি দরে ১৮ হাজার টাকা দিয়ে কিনে এনেছি।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ বিশ্বাস বই বিক্রির কথা স্বীকার করে বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করে বিক্রি করা হয়েছে। তবে বিক্রি করাটা অন্যায় হয়েছে।”

সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। পরে বইগুলো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় বলেন, “ভাঙ্গারির দোকানে কীভাবে সরকারি বই গেল; সেটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে দেখা হবে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”