২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের ওপর রাজনৈতিক কোনো চাপ নেই: নতুন সিইসি

নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং তারা স্বাধীন বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 01:08 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাবিবুল বলেন, “রাজনৈতিক কোন চাপ আমাদের কারো মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি ও স্বাধীনভাবে কাজ করব।”

Image
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্যান্য কমিশনারদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্যান্য কমিশনারদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “বিএনপি কি বলেছেন আমরা শুনেছি। আগামী নির্বাচন করার জন্য আমাদের ওপর একটি দায়িত্ব এসেছে। কিভাবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বা মোকাবেলা করব সেগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমঝোতা ও আলাপ আলোচনা প্রত্যাশা করি।”

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সফরসঙ্গী হিসাবে ছিলেন নির্বাচন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সকালে স্মৃতিসৌধে পৌঁছানোর পর ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

স্মৃতিসৌধে বীর শহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে প্রধান নির্বাচন কমিশনার।

আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গন ছাড়েন তিনি।