ইউক্রেইন থেকে পোল্যান্ড, বাংলাদেশির বর্ণনায় যুদ্ধের ভয়াবহতা
প্রায় দেড় বছর আগে ইউক্রেনে পাড়ি জমানো মোহাম্মাদ নাজিউর রহমান আদনান মোটামুটি গুছিয়ে নিয়েছিলেন নিজেকে; এখন তাকে প্রাণ বাঁচাতে ছুটতে হচ্ছে অনিশ্চিতের পথে।
কুমিল্লা নগরীর নেউরা-ডুলিপাড়া এলাকার মৃত শাহ আলম ভূঁইয়ার ছেলে আদনান ইউক্রেইনের রাজধানী কিয়েভে একটি কোম্পানিতে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাশিয়া আক্রমণ শুরু করার আগ পর্যন্ত ভালোই চলছিল সব।
যুদ্ধের মধ্যে একদল প্রবাসী বাংলাদেশির সঙ্গে ৩২ বছর বয়সী আদনানও পাড়ি জমিয়েছেন পোল্যান্ডে। সেখানে তাদের ঠাঁই হয়েছে একটি শরণার্থী শিবিরে।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় পোল্যান্ডে প্রবেশের পর ভিডিও কলে কুমিল্লায় বন্ধু তানভীর দিপুর সঙ্গে কথা হয় আদনানের। তার কথায় উঠে আসে যুদ্ধের ভয়াবহতা আর ইউক্রেনের জনগণের দুর্দশার চিত্র।
কিয়েভের যেখানে আদনান থাকতেন, সেখানে বৃহস্পতিবার রাতে শুরু হয় রুশ বাহিনীর বোমা বর্ষণ। কোন দিক থেকে বোমা আসছে, তা বোঝার মত অবস্থা তার ছিল না। আতঙ্কে শুধুমাত্র মোবাইলফোন আর চার্জার নিয়েই তিনি বাসা ছাড়েন।
জীবন রক্ষার তাগিদে আরও অনেকের মত আশ্রয় নেন একটি বাংকারে। সেখানে প্রায় না খেয়ে কাটাতে হয়েছে তিন দিন। শিশু ও বৃদ্ধসহ আরও অন্তত ৫০ জন ওই বাংকারে আশ্রয় নিয়ে ছিলেন।
তারা সবাই অপেক্ষা করছিলেন কীভাবে ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ড যাওয়া যায়। কয়েকবার বাংকার থেকে বের হয়েও চারদিকের ভয়াবহ পরিস্থিতি দেখে এগোতে পারেননি আদনানরা। এরই মধ্যেই খবর আসে, তার দুই ভারতীয় বন্ধু বোমার কবলে পড়েছে।
আদনান বলেন, “বারবার মনে হচ্ছিল মা আর বোনের মুখ আর কখনো দেখতে পাব না। সবাইকে খুব মিস করছিলাম।”
তিনি জানান, প্রথম তিন দিন কিয়েভে সম্মুখ যুদ্ধ খুব একটা হয়নি। বড় বড় ভবনগুলোতে ক্ষেপণাস্ত্র ফেলেছে রাশিয়া। প্রতিটি বোমার শব্দ যেন ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। বিস্ফোরণ, আগুন আর মানুষের মৃত্যু… নিজের চোখের সামনে দেশেও যেন বিশ্বাস হচ্ছিল না।
এক পর্যায়ে ঝুঁকি নিয়েই শনিবার সকালে বেশ কয়েকজন মিলে একটি ট্রেনে উঠে পড়েন। পাঁচশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান সীমান্তে। তারপর সেখান থেকে সীমান্ত পেরিয়ে পৌঁছান পোল্যান্ডের শরণার্থী শিবিরে।
“এক কথায় বলতে গেলে ইউক্রেইনে কেউই ভালো নেই। সবাই শঙ্কার মধ্যে দিন পার করছে, মনে হয়- এই বুঝি প্রাণটা গেল,” বলেন আদনান।
কিয়েভ থেকে প্রচণ্ড ভিড়ের মধ্যে তারা যখন ট্রেনে উঠছিলেন, তখন চার বৃদ্ধ অনেক চেষ্টা করেও সঙ্গী হতে পারেননি। তাদের কথা মনে হতে গলা ধরে আসে আদনানের।
“আমরা তো আসতে পেরেছি, তাদের জন্য কষ্ট হচ্ছে। জানি না তারা এখনও বেঁচে আছেন কি না।”
