২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সংসদ নির্বাচন অনেক কঠিন হবে: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 02:53 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না, তারা এরই মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। তবে আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা তাদের নেই।” 

“এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন খুবই কঠিন হবে। তাই আগামী দিনে যারা প্রতিপক্ষের সব ধরনের শক্তি মোকাবিলা করতে পারবে, সন্মেলনে তাদেরই নেতৃত্বে আনতে হবে”, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, “বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপির নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। তারা একজনও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দুর্নীতির কারণে তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।“ 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।