দাদার উপহারের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল কিশোরের
নাতির কলেজে ভর্তি হওয়ার খুশিতে তাকে একটি মোটরসাইকেল কিনে দেন দাদা। সেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেছে নাতির।
রোববার রাত ৯টার দিকে কুমিল্লা সদরের বিবিরবাজার স্থলবন্দর সংলগ্ন কালাপীর মাজার শরীফের সামনের এ দুর্ঘটনায় কিশোর ফারহান আঞ্জুম মাফির মৃত্যু হয় বলে সোমবার সকালে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি সহিদুল রহমান জানান।
১৭ বছর বয়সী ফারহান কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউ (কান্দিরপাড়) এলাকার বাসিন্দা কবি ও কুমিল্লার স্থানীয় ‘দৈনিক আমাদের কুমিল্লা’র সাহিত্য সম্পাদক দীপ্র আজাদ কাজলের ছেলে।
ফারহান এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ থেকে এসএসসি পাস করে নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।
আহতরা হলেন- নগরীর বজ্রপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. রাজু (১৭) ও নজরুল অ্যাভিনিউ এলাকার আমিন মিয়ার ছেলে কুমিল্লা মডার্ন স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. ইফতি।
“রাতে দুর্ঘটনায় ছেলেটির প্রাণই চলে গেল। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি এখন কী নিয়ে বাঁচব?”
ওসি বলেন, ফারহান তার তিন বন্ধুকে নিয়ে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এক পর্যায়ে মোটরসাইকেলটি সড়কের একটি গতিরোধকে ধাক্কা খেয়ে উল্টে গেলে তিনজনই আহত হয়।
“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ফারহানকে মৃত ঘোষণা করে।”
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ফারহানের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
