খুলনায় নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
রাষ্ট্র মালিকানাধীন ওষুধ তৈরির প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠানে নারী শ্রমিকের শ্লীলতাহানির অভিযোগে এক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী গ্রামের বাড়ি থেকে শফিকুল ইসলাম বারীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শফিকুল ইসলাম এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান খুলনা এসেনসিয়াল ল্যাটেপ প্লান্টের ডিজিএম (প্রশাসন)।
ওসি বলেন, মঙ্গলবার প্লান্টের এক নারীকর্মী (২৬) শফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরের খানজাহান আলী থানায় মামলা করেন।
মামলার এজাহারের বরাতে ওসি বলেন, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ওই নারী উৎপাদন শ্রমিক পদে যোগ দেন। এক বছর আগে শফিকুল বগুড়া থেকে প্লান্টে বদলি হয়ে আসেন।
“মামলায় অভিযোগ করা হয়, শফিকুল বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। ১ ফেব্রুয়ারি দুপুরে প্লান্টের ভাণ্ডর বিভাগের স্টেশনারি শাখায় তাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন শফিকুল।”
ওসি জানান, ওইদিনই বিষয়টি প্লান্টের প্রধান ডিজিএম মো. মনিরুল ইসলামকে লিখিতভাবে জানান ওই নারী। পরে অন্যদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করেন।
