উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারের উখিয়ার উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে।
শুক্রবার বেলা সোয়া ১টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান।
শরীফুল বলেন, “আগুনে ক্যাম্পটির বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে। উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া কক্সবাজার ও টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট রওনা দিয়েছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।
মিয়ানমার থেকে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গার অধিকাংশই থাকে সীমান্ত জেলা টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পে ছোট ছোট ঘরে গাদাগাদি করে।
তারই একটি পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরে গত ৯ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০০টি ঘর পুড়ে চার হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছেন।
