২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, ২২ বছর পর মৃত্যুদণ্ডের রায়

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার মামলায় ২২ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে। একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।  

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 10:35 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. ওসমান হায়দার বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে এপিপি ফরিদ আহাম্মদ হাজারী জানিয়েছেন।

দণ্ডিত আবদুল কাদের ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠননগড় গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

মামলার বরাতে এপিপি ফরিদ বলেন, ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর গ্রাম থেকে ১৯৯০ সালে আবদুল কাদের বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত।

২০০০ সালের ২৩ জুলাই যৌতুকের ৩০ হাজার টাকার জন্য এই গৃহবধূকে চাপ প্রয়োগ করে শ্বশুরবাড়ির লোকজন। মেয়েটি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই দিন রাতে তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে।

এপিপি বলেন, পরে আত্মহত্যা করেছেন বলে তার বাবার বাড়িতে খবর পাঠায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একদিন পর মেয়ের পরিবারের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর দুদিন পর [২৫ জুলাই] ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করে মরদেহ দাফন করা হয়।ঘটনার নয় মাস পর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

এপিপি বলেন, নিহত গৃহবধূর বাবা ২০০১ সালের ১৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আবদুল কাদেরকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারকালে ১৬ জন সাক্ষীর মধ্যে আদালতে নয় জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে এপিপি ফরিদ জানান।

এপিপি ফরিদ আহাম্মদ হাজারী আরও জানান, ২২ বছরে মামলার অনেক আসামির ইতোমধ্যে মৃত্যু হয়েছে। দীর্ঘ বিচারকালে মামলার প্রধান আসামি ছাড়া অন্য আসামিদের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার পর আবদুল কাদেরকে পুলিশ গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যায়; গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ হয়, বলেন এপিপি ফরিদ।