২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সীমান্তে সোনার বারসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে সাতটি সোনার বারসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে চোরাকারবারি বলছে বিজিবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 05:44 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত এলাকা হাটপাড়ায় পদ্মা নদীর খেয়াঘাট তাকে গ্রেপ্তার করা হয় বলে ৫৩ বিজিবির গোদাগাড়ী বিওপির কমান্ডার সুবেদার আইনুদ্দিন জানান।

গ্রেপ্তার মোক্তার হোসেন (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদরের চর রাণীনগর ইউনিয়নের বকচর গ্রামের মৃত সানাউল্লার ছেলে।

সুবেদার আইনুদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

“এ সময় হাটপাড়া খেয়াঘাটে মোক্তার হোসেনের শরীর তল্লাশি করে সাতটি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৭০ ভরি এবং মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা।”

আইনুদ্দিন বলেন, সোনাগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে তিনি সোনা পাচারের সঙ্গে জড়িত।

এর আগেও তিনি সোনা পাচারে বহনের কাজ করেছেন উল্লেখ করে বিজিবি কর্মকর্তা বলেন, তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে একটি মামলা দেওয়া হয়েছে।