২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল হামলাকারী।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 12:52 AM

Updated : 02 Aug 2022, 02:58 PM

সোমবার রাত ৮টার দিকে পাতিবিলা বাজারের একটি চায়ের দোকানে এই হামলা চালানো হয়।

নিহত ঠাণ্ডু বিশ্বাস (৫০) পাতিবিলা গ্রামের আতাউর রহমান লালের ছেলে ও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপন সরকার জানান, রাত ৮টার দিকে ঠাণ্ডু বিশ্বাস পাতিবিলা বাজারের নেছারের দোকানে সহযোগীসহ বসেছিলেন।

“এ সময় প্রতিপক্ষের টিটো হাসানসহ কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কয়েকজন লোক তার পেটের বামপাশে ছুরিকাঘাত করে।”

এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এবং উভয়পক্ষের অন্তত ছয় জন আহত হয় বলে ওসি জানান।

ওসি রূপন বলেন, আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঠাণ্ডু বিশ্বাসসহ তিন জনকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। জেনারেল হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা ঠাণ্ডুকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, রাত ৯টায় হাসপাতালে আনার আগেই ঠাণ্ডু বিশ্বাসের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আহতরা হলেন ঠাণ্ডু বিশ্বাসের পক্ষের অসীম সরকার (৩২), সিদ্দিক (৫০) ও মোকবুল (৩৫), প্রতিপক্ষের টিটো বিশ্বাস (৩২), মোমিন (৪০) ও হামিদ (৪৫)।

হত্যার ঘটনায় টিটো হোসেন, মোমিন ও হামিদকে আটক করা হয়েছে বলে ওসি রূপন জানান।