২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন রবিনা

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 02:59 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

শনিবার দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী তিন পুত্র সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন হাসপাতালের গাইনি চিকিৎসক শিবলী রানী দেবী।

ওই নারীর নাম রবিনা বেগম (৩০)। তিনি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের জামাল মিয়ার স্ত্রী। ওই দম্পতির আরও চারটি ছেলে সন্তান রয়েছে।

চিকিৎসক শিবলী রোববার দুপুরে বলেন, “প্রসূতির শারীরির অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। প্রসূতির পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল।

“প্রসূতির স্বজনেরা আল্ট্রাসানোগ্রাফির মাধ্যমে আগে থেকে জানতেন, তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। রোগীর শরীরে রক্তের হিমোগ্লোবিনও কম ছিল। পরে তার দ্রুত অস্ত্রোপচার করা হয়।

শিবলী জানান, জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিয়া) ডা. তৌহিদ আহমেদ চৌধুরীকে সাথে নিয়ে তিনি অস্ত্রোপচার করেন।

তিনি বলেন, জন্ম নেওয়া শিশু তিনটি যথাক্রমে এক কেজি ২০০ গ্রাম, এক কেজি ৪০০ গ্রাম ও এক কেজি ৮০০ গ্রাম ওজনের। তিনটি শিশুর শারিরীক অবস্থা ভালো না। শিশুদের মা ভালো আছেন।

জন্ম নেওয়া তিনটি শিশুর ওজন কম হওয়ায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালের ইনকিউবেটর (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) রাখা হয়েছে বলেও জানান চিকিৎসক।