নবাবগঞ্জে শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৫ দিন বয়সী শিশুসন্তানকে নদীতে ফেলে হত্যার অভিযোগে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে জুলি আক্তার (২০) নামে এই মাকে আদালতে পাঠানো হয় বলে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান।
জুলি উপজেলার বারুয়াখালী ইউনিয়নের রতনপুর গ্রামের মো. জুবায়ের হোসেন রনির স্ত্রী।
ওসি সিরাজুল বলেন, জুলি থানায় সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, বুধবার বেলা ৩টার দিকে তিনি শিশু জুনায়েদকে ঘরের বিছানায় রেখে টয়লেটে যান। ফিরে এসে ছেলেকে পাননি। পরে তিনি ঢাকায় তার স্বামীকে খবর দেন। কিন্তু জুলির কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।
“পরে জুলি স্বীকার করেন পারিবারিক কলহের জেরে তিনি তার সন্তানকে নদীতে ফেলে দেন। স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে নদীতে জাল ফেলে লাশ উদ্ধার করা হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
