২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, অপহরণকারী আটক

ফেনী থেকে ১৮ দিন আগে অপহৃত এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার এবং অপহরণকারীকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 10:39 AM

Updated : 28 Apr 2022, 11:41 PM

চট্টগ্রামের খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে বুধবার রাতে ১২ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান।

আটক মো. আলাউদ্দিন ওরফে রাসেল (৩৬) ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে।

জুনায়েদ বলেন, “গত ৩০ জানুয়ারি বিকালে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার বাসা ওই মেয়েটি পাশের এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য বাসা থেকে বের হয়।

“পরে রাত পর্যন্ত সে বাসায় না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। এরপরও মেয়েটির কোনো হদিস না মেলায় ওই রাতেই তার মা ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।“

পরে বিষয়টি র‌্যাবকে জানানো হলে তথ্য প্রযুক্তি সহায়তায় শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী রাসেলকে আটক করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাসেল ও শিশুটিকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।