২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসতে শুরু করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সকল বর্ষের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 04:28 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস ও অফিস আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিস আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রদীপ কুমার বলেন, “দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসায় এবং শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনার কথা বিবেচনা করে ২২ ফেব্রুয়ারি থেকে সকল বর্ষের সশরীরে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মহামারীর কারণে দেড়বছর বন্ধ থাকার পর গতবছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দিয়েছিল সরকার। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল

কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে থাকে দ্রুত।

এই প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। যার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও সশরীরে সকল ক্লাস বন্ধের ঘোষণা দেয়।