সাভারে বিকাশ এজেন্টকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই
ঢাকার সাভারে এক বিকাশ এজেন্টকে পিটিয়ে রক্তাক্ত করে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সাভার পৌর এলাকার ছোট বলিমেহেরের মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত জাহিদ হোসেনকে (৫৫) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতের ছেলে বিপুল হোসেন জানান, তার বাবা জাহিদ হোসেন দুপুরে নিজের বিকাশের দোকানে বসে প্রতিদিনের মতো ব্যস্ত ছিলেন। এ সময় স্থানীয় ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাস্ক পরে আকস্মিকভাবে দোকানে ঢোকে।
“তারপর বাবাকে এলোপাথাড়ি মারধর করে এবং দোকানের ভেতর ভাংচুর চালায়। তারা দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যায়।”
তিনি জানান, মারধরে তার বাবার মাথা ফেটে রক্তে তার শরীর ও দোকান ঘর রক্তাক্ত হয়ে যায়; অচেতন অবস্থায় প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
