২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে যশোরে ভাল ফল যে কারণে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে যশোর শিক্ষা বোর্ড সবচেয়ে এগিয়ে রয়েছে; সেখানে গড় পাসের হার ৯৮.১১ শতাংশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 04:29 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ ব্রিফিংয়ে পরীক্ষার ফলাফল তুলে ধরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

কোভিড মহামারীর কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারের দিক থেকে যশোরের পরই রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড; সেখানে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। ৯৭ দশমিক ২৯ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী।   

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩১ হাজার ৫০০। এর মধ্যে নিয়মিত পরীক্ষা দিয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৪১ জন।

“পাস নেই এমন কোনো প্রতিষ্ঠান নেই। শতভাগ পাশ করেছে ১১৬টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ২০ হাজার ৮৭৮ জন জিপিএ-৫ প্রাপ্তর মধ্যে ছাত্রী ১২ হাজার ১৭১ জন ও ছাত্র আট হাজার ৭০৭ জন।

জেলা ভিত্তিক পাসের হার তুলে ধরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে পাসের হারে এ বছর শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এ জেলায় পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ।

“এ ছাড়া খুলনায় ৯৮.৭১ শতাংশ, বাগেরহাটে ৯৭.৪৯ শতাংশ, কুষ্টিয়ায় ৯৭.৬০ শতাংশ, চুয়াডাঙ্গায় ৯৭.৬৮ শতাংশ, মেহেরপুরে ৯৫.৬১ শতাংশ, যশোরে ৯৮.৩৫ শতাংশ, নড়াইলে ৯৮.০৯ শতাংশ, ঝিনাইদহে ৯৮.১৫ শতাংশ ও মাগুরায় ৯৭.৭২ শতাংশ।

সারা দেশের মধ্যে ভাল ফলাফল করায় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাসে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক।

মূল্যায়ণ করে তিনি বলেন, “এ বছর প্রতিটি শিক্ষা বোর্ডেই পাসের হার উল্লেখযোগ্য। কারণ, প্রশ্ন ১০০ নম্বরের হলেও পরীক্ষার্থীদের উত্তর দিতে হয়েছে কম সংখ্যক। এর সঙ্গে যুক্ত হয়েছে এসএসসি ও জেএসসির ফলাফল।

“এ বছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারা ২০১৯ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে বছর যশোর শ্ক্ষিা বোর্ডে এসএসসির পাসের হার ছিল উল্লেখযোগ্য ৯০ দশমিক ৮৮ শতাংশ।

অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, “এভাবে সাবজেক্ট ম্যাপিং ধরে যখন আমরা তৈরি করতে গেছি তখন ফলাফল এমন দাঁড়িয়েছে। ভাল ফলাফল হয়েছে। আমার মনে হয়, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুব খুশি।”

যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসাইন বলেন, করোনার মধ্যে আমরা সবসময়ই অনলাইনে সক্রিয় ছিলাম। অনলাইনে ক্লাস করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আবার যখনই সশরীরে কলেজ চালু হয়েছে; তখনও তারা ক্লাস করেছে। শর্ট সিলেবাসে যতটুকু ছিল শিক্ষকরা শিক্ষার্থীদের তা যথাযথভাবে শেষ করতে পেরেছে।

“তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে; ফলে শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। এসব কারণেই আমি মনে করি, এই বোর্ডে ফলাফল ভাল হয়েছে”, যোগ করেন অধ্যক্ষ।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ‘এ প্লাস’ পাওয়া এক শিক্ষার্থী বলেন, “মোট তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে। প্রতিটি বিষয়ে পাঁচটি করে অধ্যায় ছিল। দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা যদিও একটু অসুবিধায় ছিলাম; কিন্তু শর্ট সিলেবাসে বেশ ভালই পড়াশোনা করা গেছে। এ কারণে সহজেই ভাল ফলাফল করা গেছে।”

২০২০ সালে দেশে মহামারীর প্রকোপে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। তবে ২০২১ সালে পরীক্ষা ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় আট মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা।

স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর। বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।

২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা এবার নেওয়া হয়নি। তার বদলে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সেসব বিষয়ের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ ফলাফল তৈরি করা হয়েছে।