সংবাদ সম্মেলন করে দুই ভাইয়ের বিএনপি ছাড়ার ঘোষণা
ফরিদপুরে বিএনপি নেতা দুই ভাই সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে অন্য কোনো দলে যাওয়ার কথা তারা বলেননি।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সালথা উপজেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এবং জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী ফোরাম সদস্য অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে আসেন।
সংবাদ সম্মেলনের আগে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বলে জানান হাবিব।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তিনি ১৯৭৭ সালে স্কুলছাত্র অবস্থায় ছাত্রলীগের হাশামদিয়া উচ্চ বিদ্যালয় ইউনিটের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যোগ দেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি হন এবং রাকসুর ভিপি প্রার্থী ছিলেন ছাত্রলীগের প্যানেলে। তার পরিবার মুক্তিযুদ্ধ সংগঠনে ব্যাপক অবদান রেখেছে।
বিশেষ একটা প্রেক্ষাপটে ২০০০ সালে তিনি বিএনপিতে যোগ দেন বলে জানান।
গত ২২ বছর বিএনপির রাজনীতিতে যুক্ত থেকে তিনি এক দিনের জন্যও মানসিকভাবে সুস্থ ছিলেন না বলে জানান।
সম্পূর্ণ ব্যক্তিগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করছেন জানিয়ে হাবিব বলেন, “কারো প্রতি কোনোরকম ক্ষোভ বা বিদ্বেষ থেকে এ পদত্যাগ নয়। তবে বিএনপিতে সঠিক ইতিহাসের ব্যবহার কম।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার পরিবারের সদস্যদের মধ্যে আমরা দুই ভাই-ই বিএনপির সাথে জড়িয়েছিলাম। এখন আর কেউ বিএনপিতে রইল না।”
তিনি রাজনীতি থেকে দুরে সরে আইনজীবী হিসেবেই ব্যস্ত থাকবেন বলে জানান।
এ সময় ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া সালথা থেকে আসা তার রাজনৈতিক অনুসারীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
