নারায়ণগঞ্জে শিক্ষকের বাড়িঘরে হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
নারায়ণগঞ্জে একটি স্বেচ্ছাসেবী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করার পর হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
জেলার সোনারগাঁও উপজেলার সাংস্কৃতিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
উপজেলার বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাশেমের বিরুদ্ধে তারা এই অভিযোগ করেন।
তবে হাশেম অভিযোগ অস্বীকার করেছেন।
সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সভাপতি শায়েদ কায়েস লিখিত বক্তব্যে বলেন, তারা সুবিধাবঞ্চিত জেলেসম্প্রদায়ের শিশুদের জন্য ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ নামে অবৈতনিক একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সোনারগাঁও উপজেলার নুনেরটেক গ্রামের মায়াদ্বীপ চরে। কয়েক বছর বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর তারা আবার স্কুলটি চালু করেন।
“এর পর থেকে আওয়ামী লীগ নেতা হাশেম তার লোকজন নিয়ে ওই প্রধান শিক্ষক, ফাউন্ডেশনের লোকজন ও আমাকে হুমকি দেন। এর আগে স্কুলটি ঘিরে মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের আন্দোলন গড়ে তোলা হয়েছিল প্রায় এক দশক আগে। পরে বালু উত্তোলন বন্ধ হয় এবং এলাকায় মাদক কেনাবেচা শুরু হয়। স্কুলটি ঘিরে এবার মাদকবিরোধী আন্দোলন গড়ে উঠতে পারে এই ভয়ে তারা স্কুল বন্ধ করার জন্য প্রধান শিক্ষকের ওপর হামলা চালাতে পারে।”
গত ২২ জানুয়ারি প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির বাড়িতে হামলা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বক্তারা।
প্রধান শিক্ষক বলেন, “নুনেরটেক গ্রামের মায়াদ্বীপে অমাদের বাড়িতে অর্তকিতে হামলা করা হয়। তারা আমার মাকে মেরে অজ্ঞান করে ফেলে। আমার দুই ভাই মো. শরিফ ও মো. রাশেদকে পিটিয়ে আহত করে। আমাকে মারধর করার সময় আমার কোলে থাকা ১৫ মাসের মেয়েও আঘাত পায়। পরে এলাকার মানুষ ও সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা হাসপাতালে ভর্তি হই।”
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে তারা জামিন পান বলে জানান প্রধান শিক্ষক।
তিনি বলেন, “চিকিৎসা নিয়ে এক সপ্তা পর আমরা গ্রামে ফেরার সময় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি আমাদের মেরে ফেলবে। আমাদের ঘরবাড়ি ও দোকানে আগুন দেবে।”
সেই থেকে তারা প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না বলে অভিযোগ করেন। তারা এখন সোনারগাঁও শহরে ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন।
তবে মো. হাশেম এই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “এলাকার এক কিশোরীকে উত্ত্যক্ত করার ঘটনাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বানোয়াট গল্প সাজিয়েছে। শিক্ষিকার বাড়িঘরে হামলার কোনো ঘটনা ঘটেনি।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সুশাসনের জন্য নাগরিক সুজনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ধীমান সাহা, উদীচী শিল্পীগোষ্ঠীর সোনারগাঁয়ের সভাপতি শংকর প্রকাশ সংবাদ সম্মেলনে ছিলেন।
