২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 10:57 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

মৃতদের মধ্যে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং তিনজনের উপসর্গ ছিল বলে রোববার সকালে হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান।

এরা হলেন- ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), মায়া রানি (৬৪), ঈশ্বরগঞ্জের দুলাল মিয়া (৫২), ভালুকার নুরুল হক (৬৫) ও শেরপুর সদরের লুতফর রহমান (৪২)।

পরিচালক বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের কোভিড ইউনিটে মোট ৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন।