২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিশুর ঊরুতে চারটা সুই ফুটিয়ে নির্যাতন, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

রংপুরের কাউনিয়া উপজেলায় ‘চুরির অপবাদ দিয়ে’ এক শিশুর ঊরুতে চারটা সুই ফুটিয়ে নির্যাতন করা হয়েছে। তাছাড়া একই ঘটনায় আরও এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 05:04 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুস আলীর বিরুদ্ধে এই অভিযোগ করেছে অভিভাবকরা। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়নের নয় ও দশ বছর বয়সী দুই শিশুর অভিভাবকরা সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে সিঁধ কেটে টাকা চুরির অভিযোগে এই দুই শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে যান ইউপি সদস্যের লোকজন। পরে তাদের মারধরের পাশাপাশি সুচ ফুটিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় এক শিশুকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির দুই ঊরুতে চারটা সুই ফোটানো হয়েছে। তার বাম হাঁটুর নিচে ফোলা আছে। তাছাড়া তার ডান পায়ের পাতায় রক্ত জমাট হয়েছে।”

অপর শিশুটিকে একই কমপ্লেক্সে নেওয়া হলেও ইউপি সদস্য ইউনুস তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেন এবং হাসপাতালে ভর্তি হতে দেননি বলে অভিযোগ করেছেন শিশুটির অভিভাবকরা।

Image
গত ২৮ নভেম্বর তিনি পুনর্নির্বাচিত হন

গত ২৮ নভেম্বর তিনি পুনর্নির্বাচিত হন

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে ইউপি সদস্য ইউনুস আলী বাড়ি থেকে শিশু দুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজন বাড়িতে আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

তবে পুলিশের পক্ষে ঘটনাস্থল থেকে শিশুদের করার বিষয়ে থানায় জিডি করা হয়েছে বলে তিনি জানান।

ইউপি সদস্য ইউনুস আলী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি নির্যাতন করিনি। হাসপাতালে ভর্তি হতেও বাধা দিইনি। ওই এলাকার আকরাম হোসেনের বাড়িতে মারধর করা হয়েছে।”

এ বিষয়ে আকরাম হোসেন বলেন, “প্রথমে একজনকে নিয়ে আসা হয়। পরে তার কথামত আরেকজনকে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইউপি সদস্য শিশু দুইজনকে চরথাপ্পড় মেরেছেন।”

তাহলে সুচ ফোটাল কে এই প্রশ্ন করা হলে তারা কোনো উত্তর দিতে পারেননি।