কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে বিলীন ঘর-ফসলি জমি
পদ্মার ভাঙনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের প্রায় ৯ কিলোমিটার এলাকার কয়েক’শ একর ফসলি জমি, ঘরসহ অনেক স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে।
উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক পথ কুষ্টিয়া-পাবনা সড়কও ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে বহলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান জানিয়েছেন।
তিনি বলেন, “গত বছর থেকেই নদীর পানি বহলবাড়ীয়া খাদিমপুর সাহেব নগর এলাকার উপর চাপ সৃষ্টি করে। তখনই আমরা বিষয়টি সমাধানের জন্য স্থানীয় নেতাদের বলেছি, কিন্তু কোন কাজ না করার কারণে গত সাত দিনের মধ্যে বহলবাড়ীয়া, সাহেব নগর ও আশপাশের প্রায় ৯ কিলোমিটার এলাকার প্রায় সাড়ে ৭‘শ একর ফসশি জমি নদীতে তলিয়ে গেল। এছাড়া ঘরসহ অনেক সরকারি-বেসরকারি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে।“
মিরপুর উপজেলার সাহব নগর গ্রামের বৃদ্ধা সরিজান নেছা (৭৮) বাবার বলেন, “এর আগে আরও তিনবার গাঙ্গের ভাঙনে ঘরবাড়ি হারায়ে এই গ্রামে আইসি। আর কয়দিনিই বা বাঁচপো? মরার আগে এই বাড়িডাও মনে হচ্ছে আর থাকপিনা। সরকার যদি এই ভাঙন ঠেকানির কাজ করি দিতি, তালি আর ভাঙবি না।”
এ বিষয়ে কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটি পদ্মার ভাঙনের কারণে চরম ঝুঁকির মধ্যে আছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে নদীর পাড় থেকে মাত্র ১৫০ থেকে ২০০ মিটার দূরত্বের মধ্যে চলে এসেছে। যা দুই বছর আগেও অন্তত ২ কিলোমিটার দূরত্বে ছিল।
তিনি বলেন, বিষয়টি ঊর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে। তারা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
