জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচিতে চতুর্থ বর্ষের (৪৬ তম ব্যাচ) অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফেব্রুয়ারি মাসের মধ্যে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার দাবি জানান।
এ কর্মসূচিতে বাংলা বিভাগের জহির ফয়সালের সঞ্চালনায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নুর হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া একই ব্যাচের আগের পরীক্ষাগুলোর ফলাফল দ্রুত প্রকাশ ও কোভিডের কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
অন্যথায় আরও কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি জানান তারা।
মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্মারকলিপি গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রহিমা কানিজ বলেন, “স্মারকলিপি হাতে পেয়েছি; উপাচার্যের কাছে পাঠানো হবে।”
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি দেশের সব পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি ঘোষণার প্রেক্ষিতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
