রামুতে ‘৫ কোটির’ ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ২
কক্সবাজারের রামুতে পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি মেথামফিটামিন মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’সহ দুইজনকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবির ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক জানান, উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকার মরিচ্যা-গোয়ালিয়া সড়ক থেকে শুক্রবার রাতে মাদকগুলো উদ্ধার করা হয়।
আটকরা হল- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার ফয়েজ আহমদের ছেলে ছৈয়দুল আমিন (৩৪) ও একই এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর।
ইব্রাহিম বলেন, “মরিচ্যা-গোয়ালিয়া সড়কে বিজিবি তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল। এক পর্যায়ে কক্সবাজারগামী একটি অটোরিকশাকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় অটোরিকশার তিন যাত্রীর মধ্যে দুইজন একটি ব্যাগ ফেলে দিয়ে পালানোর জন্য পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।
“এ সময় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ফেলে দেওয়া ব্যাগে তল্লাশি করে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।”
উদ্ধার করা মাদকের বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
তিনি বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথগুলো বিজিবির রামু ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
