২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ‘পারিবারিক কলহের জেরে’ গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘পারিবারিক কলহের জেরে’ এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে; খুনি সন্দেহে পুলিশ আটক করেছে তার স্বামীকে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2022, 03:47 PM

Updated : 02 Aug 2022, 02:39 PM

বুধবার সকাল ৮টার দিকে লিপি খাতুন নামে এই গৃহবধূকে হত্যা করা হয় বলে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন সাহা জানান।

লিপি উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুলিয়া গ্রামের রুবেল সরকারের স্ত্রী।

পুলিশ জানায়, ভোরে লিপি ও রুবেল নতুন জামাকাপড় পরে বাইরে ঘুরতে যান। একটু পরে আবার তারা বাড়ি ফিরে আসেন এবং রুবেল অকস্মিকভাবে লিপিকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

পুলিশ কর্মকর্তা সুমন সাহা বলেন, আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।”

পুলিশ বিস্তারিত তদন্ত করে দেখবে বলে জানান পুলিশ কর্মকর্তা সুমন সাহা।