গাজীপুরে তরুণী হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩
গাজীপুরে এক তরুণীকে মাদক ব্যবসায় বিরোধের জেরে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি বাগান থেকে এই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় তার বয়স ছিল ১৯ বছর। এ ঘটনায় তার চাচা ওই দিনই কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিবিআই তদন্তে নেমে গত মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করলে হত্যাকাণ্ডের জট খোলে।
গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার বরাব মসজিদ মার্কেট এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮), একই উপজেলার ভান্নারা গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. নাহিদ হোসেন (২৮) ও বরাব পশ্চিম পাড়ার লাল মিয়ার ছেলে মো. সুজন (৪৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণী মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবনও করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল না। চট্টগ্রামের এক মাদক বিক্রেতার সঙ্গে তরুণীর পরিচয় ছিল। সেই ব্যক্তি কালিয়াকৈরের মৌচাক এলাকায় মাদক সরবরাহ করতেন। দ্বন্দ্বের জেরে সেই ব্যক্তি স্বপ্নাকে হত্যার জন্য সুজন, নাহিদ ও মোহাম্মদ আলীর সঙ্গে পরিকল্পনা করেন। ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সুজন, নাহিদ ও মোহাম্মদ আলী স্বপ্নাকে ডেকে নেন। তারা কালিয়াকৈরের ভান্নারা এলাকায় হানিফ স্পিনিং মিলের সীমানা প্রাচীরের পাশে বাগানে একসঙ্গে ইয়াবা সেবন করেন। একপর্যায়ে স্বপ্নাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তারা এবং গর্তের মধ্যে লাশ ফেলে রাখা হয়।
বুধবার মোহাম্মদ আলী ও নাহিদ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
