গোপালগঞ্জে ২ অটোরিকশার সংঘর্ষে নার্সারি ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন।
উপজেলার নিলফা বাজার এলাকায় মঙ্গলবার সকালে তারা হতাহত হন বলে টুঙ্গিপাড়ায় থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান।
নিহত মো. নূরুজ্জামান (৫০) টুঙ্গিপাড়ায় নার্সারির ব্যবসা করতেন। নড়াইলের কালিয়া উপজেলার বাবরাহাচড়া গ্রামের বাসিন্দা তিনি।
আহতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাঘিয়ারকুল গ্রামের অটোরিকশা চালক আলামিন খাঁ (৩৫), টুঙ্গিপাড়া গ্রামের শেখ শফি (৩৭), পাচকাহনিয়া গ্রামের ইমরান শেখ (২৫) ও শ্রীরামকান্দি গ্রামের বাবুল হোসেন (৪৫)।
তাদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি সুলতান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নূরুজ্জামান অটোরিকশায় করে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
