২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহা হত্যা: যুক্তিতর্ক শুরু, ‘দ্রুত’ শেষ করার ‘চেষ্টা’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে; এই পর্ব ‘দ্রুত’ শেষ করার ‘চেষ্টার’ কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 01:33 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, রোববার সকাল সোয়া ১০টায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। এ বিচারিক কার‌্যক্রম চলবে বুধবার পর‌্যন্ত।

এর আগে গত বছর ২৩ অগাস্ট মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে তা আট দফায় বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ৬৫ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে গত ১ ডিসেম্বর শেষ হয়েছে। এরপর গত ৬ ও ৭ ডিসেম্বর ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।

৭ ডিসেম্বর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এক আদেশে যুক্তিতর্কের জন্য রোববার দিন রেখেছিলেন।

শুনানির আগে সকাল সাড়ে ৯টায় মামলার ১৫ আসামিকে প্রিজনভ্যানে কক্সবাজার কারাগার থেকে আদালতে আনা হয়।

আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, মোহাম্মদ মোস্তফা, এপিবিএন এর তিন সদস্য এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশের মামলার তিন সাক্ষী নুরুল আমিন, নেজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াজ, টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মা এবং সাবেক এএসআই সাগর দেব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল বলেন, “বিচারিক কার্যক্রমের নির্ধারিত দিনে বাদী-বিবাদী উভয়পক্ষের আইনজীবীরা নিজেদের স্বপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।”

পিপি আরো বলেন, ”দ্রুত সময়ে মামলায় বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক পর্ব শেষ করা চেষ্টা থাকবে।”

গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ওই বছর ৫ অগাস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে। মামলার তদন্তভার দেওয়া হয় র‍্যাবকে।

পরদিন ৬ অগাস্ট  ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। 

২০২০ সালের ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। এতে সাক্ষী করা হয় ৮৩ জনকে।

এরপর গত বছর ২৭ জুন আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (অভিযোগ গঠন) আদেশ দেওয়া হয়।

পরে ২৬ জুলাই থেকে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও তা শুরু হয় ২৩ অগাস্ট। আট দফায় অনুষ্ঠিত এই সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ১ ডিসেম্বর। এতে মামলার ৮৩ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এরপর গত ৬ ও ৭ ডিসেম্বর আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় সাফাই সাক্ষ্য নেওয়া হয়।