পণ্যবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে পল্লী চিকিৎসক নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে পণ্যবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে এক পল্লী চিকিৎসক নিখোঁজ হয়েছেন।
উপজেলার গোসাইপুর এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান।
নিখোঁজ অসীম আচার্য (৩২) গোসাইপুর ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে। উপজেলার ভৈরবনগরে তার একটি ফার্মেসি রয়েছে।
ওসি বলেন, “পল্লী চিকিৎসক অসীম ও নেপাল সরকার নামের এক ব্যক্তি মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে যাওয়ার জন্য নৌকায় তিতাস নদী পার হচ্ছিলেন।
“পথে নদীর মাঝামাঝিতে বড় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় নেপাল সাঁতারে তীর উঠতে পারলেও অসীম নিখোঁজ হন।”
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল অসীমের সন্ধানে রাত ১০টা পর্যন্ত তল্লাশি চালালও তার কোনো হদিস মেলেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
অসীমের বড় ভাই খোকন আচার্য জানান, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান স্থগিত করার পর তারা স্থানীয়দের সহায়তায় মাছ ধরার জাল ফেলে ভাইকে উদ্ধারের চেষ্টা করেন। তবে রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
