২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণ-হত্যার দায় স্বীকার এক আসামির

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন এক আসামি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 10:42 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ওমর ফারুক নামে এই আসামি শুক্রবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার শ্রীপুরের গজারি জঙ্গল থেকে শ্রীপুর পৌর এলাকার মাধখলা এলাকার ৪৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে ওমর ফারুক (২০) ও রাব্বি (১৯) নামে দুইজনকে আটক করে। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওমর ফারুক উপজেলার লোহাগাছ বিন্দুবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে আর রাব্বি একই এলাকার মো. হাসমত মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ।

আসামিকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, ওই নারী বাড়ির পাশে ইসরাক স্পিনিং মিলসে চাকরি করতেন। গত ১ জানুয়ারি দক্ষিণ ভাংনাহাটি এলাকার তালুকদারের ভিটা নামের গজারি বনে লাকড়ি কুড়াতে যান। সেখানে ওমর ফারুক ও রাব্বি তাকে ধর্ষণ করেন। রাশিদা ও ফারুক একই কারখানার চাকরি করায় ঘটনাটি জানাজানির ভয়ে তারা তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন জঙ্গলে লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এসআই বলেন, হত্যার পর রাশিদার স্বর্ণের নাকফুল ও রুপার চেইন ওমর ফারুক স্থানীয় সাঈদ নামের এক ব্যক্তি কাছে বিক্রির জন্য যান। সাঈদের দেওয়া তথ্যমতে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ওমর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।