২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারার মধ্যে বাস বন্ধে ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 03:11 PM

Updated : 28 Apr 2022, 11:24 PM

একই স্থানে একই সময়ে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় ‘নিরাপত্তার স্বার্থে’ শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর ফলে শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪০টি পয়েন্টে পাঁচ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

শনিবার সকাল সাড়ে ১০টায় পৈরতলা বাসস্ট্যান্ডে গিয়ে সব বাসের কাউন্টার বন্ধ পাওয়া গেছে। শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বাস কাউন্টারের কর্মকর্তারা জানান, ভোরে কাউন্টারগুলো খোলা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর এসে পুলিশের পক্ষ থেকে কাউন্টার বন্ধ রাখতে বলা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ গণমাধ্যমকে জানান, বাস চলাচল বন্ধে মালিক সমিতি কোনো নির্দেশনা দেয়নি। শহরে ১৪৪ ধারা জারির মাইকিং শুনে হয়তো শ্রমিকরা বাস চালাচ্ছেন না।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের পক্ষ থেকে বাস কাউন্টার বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

বিএনপি জানায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার দুপুরে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে তারা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন।

আর জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানেই ছাত্রসমাবেশের ডাক দেয়। এরপরই শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়।

এই অবস্থার মধ্যে শুক্রবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।