নারায়ণগঞ্জে ট্রলারডুবি: লঞ্চের মাস্টারের রিমান্ড আবেদন
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ওই লঞ্চের মাস্টারসহ তিন জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন আলমের আদালতে ফতুল্লা থানা পুলিশ এই আবেদন করে।
বুধবার এম ভি ফারহান-৬ লঞ্চের মাস্টারসহ তিন জনকে আটক করে পুলিশ।
পরে ওইদিনই লঞ্চের মাস্টারসহ তিন জনকে আসামি করে বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার জসিম উদ্দিন ভুঁইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লা (৩০)।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারডুবির ঘটনায় লঞ্চের তিন জনকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে।
বুধবার সকালে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় এম ডি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়।
ট্রলারের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও প্রশাসন আট জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে।
নিখোঁজ আটজন হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ্ (২২), নারায়ণগঞ্জ সদরের চর বক্তাবলীর সাব্বির (১৮), চর মধ্যনগরের সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০), তাদের ছেলে তামিম ও দুই মেয়ে তাসমিন আক্তার ও দুই বছরের তাসফিয়া, উত্তর গোপালনগরের রেকমত আলীর ছেলে মোতালেব এবং মোহাম্মদ আব্দুল্লাহ্।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় নিখোঁজ কারো সন্ধান পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটিও শনাক্ত করা যায়নি।
তিনি জানান, উদ্ধার কাজ চালানোর সময় আগে কোনো এক সময় ডুবে যাওয়া একটি ট্রলার পাওয়া গেছে। উদ্ধার কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে।
এই ঘটনায় দায়ের করা মামলায় বলা হয়, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাটের ৫০০ গজ পশ্চিমে ধলেশ্বরী নদীতে ঘন কুয়াশার মধ্যে ৪০/৫০ জন যাত্রীসহ খেয়া পারাপার হচ্ছিল একটি ট্রলার।
ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের পশ্চিম তীর থেকে ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ভোলা জেলার বেতুয়া (চরফ্যাশন) থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম ভি ফারহান-৬ লঞ্চ দ্রুত ও বেপরোয়া গতিতে জোরে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা যাত্রীরা মারাত্মক জখম হয়।
বক্তাবলী নৌ-পুলিশ টিম, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ বাহিনী ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার করা আহত যাত্রীদের পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে ৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
লঞ্চের মাস্টার, ড্রাইভার ও সুকানীর খামখেয়ালীপনা ও দায়িত্বে অবহেলার কারণেই এই দুঘর্টনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী ফারহান-৬ নামের এই লঞ্চটির মালিক বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। লঞ্চটি ঢাকা-বেতুয়া রুটে চলাচল করে। দুর্ঘটনার পর কেরাণীগঞ্জের একটি ডকইয়ার্ডে লঞ্চটি আটক করা হয়।
