কক্সবাজারে পর্যটক ‘ধর্ষণ’: এজাহারের সবশেষ আসামি মেহেদীও রিমান্ডে
কক্সবাজারে পর্যটক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত সর্বশেষ আসামি মেহেদী হাসান বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার বিকালে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
মহিউদ্দীন বলেন, "মেহেদী হাসান বাবুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছে।"
”রাতেই মেহেদীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে”, যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার।
মেহেদী হাসান বাবু (২৫) কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
সোমবার রাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের রুহুলার ডেইল ঘোনাপাড়ার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার এজাহারভুক্ত সব আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ছাড়া সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিন্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয় আরো তিনজনের বিরুদ্ধে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিনকে।
তাছাড়া মঙ্গলবার মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককেও তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ পায় পুলিশ।
এর আগে মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
